সিমোর্গ থেকে শতগুণ গতির সুপার কম্পিউটার বানাচ্ছে ইরান

২০ মে, ২০২১ ১৩:০৬  
চলতি সপ্তাহেই বিশ্বের সুপার কম্পিউটারের অধিকারী দেশগুলোর তালিকায় নাম লিখিয়েছে ইরান। বিশ্ববাসীকে দেখিয়েছে আধা টেরাফ্লপ গতির সুপার কম্পিউটার। মিথক্যাল পারস্য পাখির নামে এর নাম দেয়া হয়েছে ‘সিমোর্গ’। আগামী এক মাসের মধ্যে এর গতি এক টেরাফ্লপে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি। তার আশা, ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ইরানসহ গোটা বিশ্বের বাণিজ্যের প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে এই কম্পিউটারটি। কম্পিউটারটি ইরানের প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণাকেন্দ্র এবং আমির কাবির বিশ্ববিদ্যালয় যৌথভাবে তৈরি করেছে। এতে খরচ হয়েছে এক ট্রিলিয়ন রিয়েল। কিম্পউটারটিতে আছে ৪২টি র‌্যাক যেখানে জুড়ে দেয়া হয়েছে ৫৬০ টেরাফ্লপস। দুই সপ্তাহের মধ্যে এর সক্ষমতা দ্বিগুণ করতে র‌্যাকের সংখ্যা করা হবে ৮৪টিতে, যা দখল করবে ৪ হাজার ৩০৫ বর্গফুট জায়গা। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেগা ডেটা বিশ্লেষণ, আবহাওয়ার পূর্বাভাস, ভূমিকম্পের বিষয়ে আগাম সংকেত সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন এবং জেনেটিক ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এদিকে এই সপ্তাহেই সিমোর্গ থেকে শতগুণ শক্তিশালী ফলো অন সুপার কম্পিউটার তৈরির কাজ শুরু করছে দেশটি। ইরানের বিজ্ঞানী ও গণিতবিদ মরিয়ম মির্জাখানির সম্মানে পরবর্তী প্রজন্মের সুপার কম্পিউটারের নাম রাখা হবে মরিয়ম মির্জাখানি। মির্জাখানি প্রথম মহিলা এবং প্রথম ইরানী যিনি ফিল্ডস মেডেল জিতেছিলেন, যাকে প্রায়ই গণিতের নোবেল পুরস্কার হিসাবে গণ্য করা হয়।